
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বদলি সংক্রান্ত ১৪ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বদলি নীতিমালা অনুসরণ করে ইচ্ছুক শিক্ষকদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২১ থেকে ২৭শে আগস্ট পর্যন্ত।
বদলি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবে। শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আবেদনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা তাদের কর্মস্থল—যা শুধুমাত্র সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে—সেখানেও বদলির আবেদন করা যাবে।
বদলি হওয়া শিক্ষকদের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলি অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে: বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ সুবিধা পাবেন না; আদেশ জারির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন; অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং অবমুক্ত হতে নতুন কর্মস্থলে যোগদান পর্যন্ত সময়টুকু কর্মকাল হিসেবে গণ্য হবে।
সফটওয়্যারে তথ্য প্রদানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বদলি সফটওয়্যারে কোনো ভুল তথ্য থাকলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং আবেদনকারী শিক্ষককে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
আপনার মতামত লিখুন :