Facebook Twitter Instagram YouTube

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ /
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩০ লাখ ২৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিজিবি-৬০ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই অভিযান চালানো হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানে অংশ নেওয়া টহল দলগুলোর মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির সদস্যরা। এসব এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ভারতীয় শাড়ি, বাসমতি চাল, এনসেন্টার পাউডার, বাজি, গরু, ফুচকা, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ঝান্ডুবাম, ভ্যাসলিন, জনসন বেবি ক্রিম, হেয়ার অয়েল, চকলেট, আমুল বাটার, ডাবল আমলা তেল, জনসন বেবি পাউডার এবং সেভেন অয়েলসহ অন্যান্য সামগ্রী।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ বাণিজ্য বন্ধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধার করা ভারতীয় পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh