
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতি শিয়ালকোল এলাকায় অনুমোদন ছাড়া নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানি। নকল বালাইনাশক তৈরির সত্যতা পেয়ে কারখানার মালিক মো. মানিক মিয়াকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কৃষি বিভাগের কোনো অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানো, নকল বালাইনাশক তৈরি ও তা বাজারজাত করা, পণ্যের মোড়কে নানা অসংগতি রাখা এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ কৃষক ও ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরও জানিয়েছে, কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষায় অনুমোদনহীন ও ভেজাল কৃষিপণ্যের বিরুদ্ধে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।
আপনার মতামত লিখুন :