Facebook Twitter Instagram YouTube

নতুন রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ /
নতুন রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এ আয়োজন পরিচালিত হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। তাকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রায় ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যায় দরবার হলে রাষ্ট্রপতির আগমনের পর জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে এ লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলেন।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং সন্ধ্যায় এর গেজেট প্রকাশ করা হয়। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর কেবল সেবারই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল। এরপর গত সাতটি নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এবার দুজন প্রার্থী থাকায় নিয়ম অনুযায়ী ভোটের আয়োজন করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin