
শিক্ষার্থীদের কেবল সার্টিফিকেট অর্জনে সীমাবদ্ধ না রেখে, পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে সফল হওয়ার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সাভারে আয়োজিত উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপাচার্য ও শিক্ষকদের উপস্থিতিতে তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে আলোকপাত করেন।
মাহদী আমিন তার বক্তব্যে শিক্ষার্থীদের বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারিকুলাম তৈরির ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে তিনি প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পার্টটাইম চাকরির ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও, দেশের মেধা পাচার বা 'ব্রেইন ড্রেইন' রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :