Facebook Twitter Instagram YouTube

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, বাড়তে পারে দেশের বাজারেও


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ /
বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, বাড়তে পারে দেশের বাজারেও

মার্কিন ডলারের মান দুর্বল হওয়া এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কর্মসূচি বাড়ানোর ঘোষণার ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে। এই মূল্যবান ধাতুর দাম টানা তৃতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর আগের সেশনে দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন ডলারের মান কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের কাছে স্বর্ণ তুলনামূলক সাশ্রয়ী হয়ে উঠেছে, যা চাহিদায় ইতিবাচক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন যে সরকার ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ আরও বাড়াতে পারে। বুধবার ট্রেজারি বিভাগ জানিয়েছিল, আগামী প্রান্তিকে দীর্ঘমেয়াদি সিকিউরিটিজের বন্ড পুনঃক্রয়ের পরিমাণ দ্বিগুণ করে প্রতিটি কার্যক্রমে অন্তত ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। তবে ট্রেজারি বিভাগের এই ঋণ ব্যবস্থাপনার পরিবর্তনের ফলে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতিতে কী প্রভাব পড়বে, তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ফেডের কর্মকর্তারা।

ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত এবং সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশার ওপর স্বর্ণের ভবিষ্যৎ গতিপথ নির্ভর করছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আগামী মাসে ফেড সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৬৩ শতাংশ এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৩৭ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। এদিকে, ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞার বিষয়টিও বাজারের নজরে রয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৯৩ ডলার, প্লাটিনামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬৫ দশমিক ২৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৪ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে এই দাম বাড়ার প্রভাব সাধারণত দেশের বাজারেও পড়ে। ফলে দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা এবং রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়েছিল। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা এবং ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা নির্ধারিত হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৫ বার এবং রুপার দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor