
বিদ্যুৎ ও গ্যাসের বিদ্যমান সমস্যাগুলো সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। '২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা' শীর্ষক এই সেমিনারে অর্থমন্ত্রী জানান, এই সমস্যাগুলো এক মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। তবে জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে এবং ধীরগতিতে হলেও অবস্থার উন্নতি হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়। এ জন্য সরকার ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কেবল অর্থমন্ত্রী বা সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। বিএনপি অতীতেও নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন ও ওয়েবসাইট চালু করেছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো ব্যবসায়ী যদি বাধার সম্মুখীন হন, তবে সরকার তা সমাধানে বদ্ধপরিকর। তবে তিনি ব্যবসায়ীদেরও নিজ উদ্যোগে অন্যায্য বাধার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি দপ্তরে অনৈতিক অর্থ দাবি ও অযথা কাগজপত্র চাওয়ার ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই 'হয়রানি ট্যাক্স' জ্বালানি সংকটের মতো জটিল নয় যে সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার ইচ্ছা করলে এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে পারে।
আপনার মতামত লিখুন :