Facebook Twitter Instagram YouTube

কিশোরগঞ্জে এআই দিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ /
কিশোরগঞ্জে এআই দিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে মানহানির অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিম গচিহাটা এলাকায় মো. সোহেল মিয়া নামে এক ব্যক্তির মানহানি করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি আপত্তিকর ও বিভ্রান্তিকর ভিডিও তৈরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোহেল মিয়া এই অভিযোগ করেন। তিনি জানান, একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সোহেল মিয়া বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার ফলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং তাঁর পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তিনি আরও দাবি করেন, অনেক মানুষ ভিডিওটির সত্যতা যাচাই না করেই সেটি শেয়ার করছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, সোহেল মিয়া এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে মধ্যস্থতা করে থাকেন, যার ফলে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। এছাড়া তিনি জামায়াতে ইসলামীর সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গেও তাঁর বিরোধ থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। সোহেল মিয়ার পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে।

ফেসবুকে ভিডিওটি শেয়ার করা মেহেদি হাসান মাক্কা বলেন, 'ভিডিওটির সত্যতা কতটুকু, তা আমার জানা নেই। আমি একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পেয়েছি। সেখান থেকে নিয়ে আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি।'

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। তিনি বলেন, 'অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh