Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে রহস্যময় হামলা


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ / ০
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে রহস্যময় হামলা

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে 'অজ্ঞাত বস্তু' দিয়ে হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে এই ঘটনা নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

প্রথম জাহাজটিতে হামলার পর সাময়িকভাবে আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছিল এবং পরে সেটি পুনরায় যাত্রা শুরু করতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। তবে জাহাজটির যাত্রা শুরুর স্থান বা গন্তব্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরও একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে একই ধরনের 'অজ্ঞাত বস্তু' দিয়ে আঘাতের খবর পাওয়া যায়। ওই জাহাজের সব নাবিক বর্তমানে নিরাপদে আছেন এবং পরিবেশগত কোনো ক্ষতির খবর মেলেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

উল্লেখ্য যে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হতো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এই নৌপথটি সংঘাতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা প্রদান এবং অনুমতি ছাড়া প্রণালিতে প্রবেশের অভিযোগে বিভিন্ন জাহাজকে লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করেছে যাতে দেশটি তেল রপ্তানি করতে না পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy