
পাকিস্তানের খাইবার পখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ সশস্ত্র জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে হাঙ্গুর খাজিনা বান্দা চেকপোস্টে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা এই অতর্কিত হামলা চালায়। পাকিস্তান সরকার টিটিপিকে ‘ফিতনা আল খাওয়ারিজ’ হিসেবে আখ্যায়িত করে থাকে।
হামলার ঘটনায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) দিয়ার খানসহ মোট ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। খাইবার পখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ এক বিবৃতিতে জানান, চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে জঙ্গিদের মোকাবিলা করেছেন।
হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলের দিকে রওনা হলে পথে জঙ্গিরা তাদের ওপরও অতর্কিত হামলা চালায়, যার ফলে একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। আইজি জুলফিকার হামিদ দাবি করেছেন, পুলিশের পাল্টা অভিযানে ১৫ জন টিটিপি সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। তিনি আরও জানান, প্রদেশের প্রতিটি এলাকা থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং বাহিনীর মনোবল অটুট রয়েছে।
এদিকে, একই রাতে পেশোয়ারের মাত্তানি থানার অধীন আদেজাই এলাকার আরেকটি পুলিশ চেকপোস্টেও জঙ্গিরা হামলা চালিয়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা চেকপোস্ট লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ সদস্যরাও পাল্টা জবাব দেন। এরপরই জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :