
আইসিসি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই মেগা টুর্নামেন্টের মোট ৫৪টি ম্যাচের সিংহভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি শহর—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইনে বেশিরভাগ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বিখ্যাত ওয়ান্ডারার্স অথবা নিউল্যান্ডস স্টেডিয়ামে।
অন্যদিকে, জিম্বাবুয়ের তিনটি শহর—হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসে ৭ থেকে ১০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ভিক্টোরিয়া ফলস শহরটি বিশ্বকাপের ভেন্যু হিসেবে একেবারে নতুন সংযোজন। আগামী ঘরোয়া মৌসুমের ম্যাচগুলো এই নতুন ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ২০২৭ সালের শুরুর দিকে আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে। এছাড়া নামিবিয়ার উইন্ডহকে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুম শহর দুটিকে মূলত প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও আয়োজন করতে পারে এই দুটি শহর। আগামী বছরের শুরুর দিকে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সময়ে দক্ষিণ আফ্রিকার প্রধান ছয়টি স্টেডিয়াম—ওয়ান্ডারার্স, সুপারস্পোর্ট পার্ক, নিউল্যান্ডস, কিংসমিড, সেন্ট জর্জেস পার্ক ও বোল্যান্ডে দেশটির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ‘এসএ২০’ (SA20) অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :