
লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো সুরক্ষিত রাখতে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে পরিচিত এই জোটে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে। জোটের সদর দপ্তর সৌদি আরবে অবস্থিত হবে, তবে এর সুনির্দিষ্ট অবস্থান এখনো জানানো হয়নি।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে ভবিষ্যতে আরও দেশ এই জোটে যোগ দেওয়ার সুযোগ পাবে। এই জোটের মূল লক্ষ্য হলো ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্তকারী কৌশলগত জলপথের নিরাপত্তা নিশ্চিত করা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার ফলে হরমুজ প্রণালি ঘিরে সৃষ্ট অস্থিতিশীলতা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এবং বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের ১০ থেকে ১২ শতাংশ পরিবাহিত হয়। এই সংকীর্ণ জলপথের নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে।
সৌদি আরব জোর দিয়ে বলেছে যে, এই জোটের উদ্দেশ্য সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি। জোট গঠনের লক্ষ্যে আয়োজিত বৈঠকে ৫১টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলও বৈঠকে অংশ নেয়। যদিও লোহিত সাগরে ইইউর 'অ্যাসপিডিস' নামে একটি নিরাপত্তা মিশন আগে থেকেই সক্রিয় রয়েছে, তবে নতুন সৌদি জোটের সাথে তাদের কাজের সমন্বয় বা পার্থক্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জোটের কার্যপদ্ধতি সম্পর্কে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারী দেশগুলো সামুদ্রিক নিরাপত্তাকে যৌথ দায়িত্ব হিসেবে বিবেচনা করে। জোটে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ বা বিমান সরবরাহ করবে তা এখনো প্রকাশ করা হয়নি। তবে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সমন্বিত মহড়া এবং সামুদ্রিক অভিযান পরিচালনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করাই হবে জোটের মূল কর্মপরিকল্পনা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোট গঠন করা হয়েছে যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে।
বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত এই জলপথে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি করতে পারে।
আপনার মতামত লিখুন :