Facebook Twitter Instagram YouTube

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, দম্পতি আইসিইউতে চিকিৎসাধীন


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ /
বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, দম্পতি আইসিইউতে চিকিৎসাধীন

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের এই ঘটনা ঘটেছে।

খবর পাওয়ার পরপরই বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দমকল বাহিনীর তৎপরতায় ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটের দিকে তা সম্পূর্ণ নির্বাপিত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ার সংস্পর্শে আসায় শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। ঘটনার পর সকাল ৯টার দিকে তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din