
জিম্বাবুয়ে সফরটি বাংলাদেশ দলের জন্য ভুলে যাওয়ার মতো একটি অভিজ্ঞতা হয়ে রইল। সফরের শুরুতেই ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হার জুটেছে তাদের। শেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেও, পুরো সফরজুড়ে ব্যাটিংয়ে ছিল ভরাডুবি। বিশেষ করে প্রতিপক্ষের পেসারদের গতি ও বাড়তি বাউন্স সামলাতে বাংলাদেশের ব্যাটারদের চরম অস্বস্তিতে দেখা গেছে। মুজারাবানি, এনগারাভা ও ইভানসদের শর্ট বল মোকাবিলায় ব্যাটারদের দুর্বলতা ছিল স্পষ্ট।
দেশে ফেরার পর জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এই ব্যর্থতার পেছনে মূল কারণ হিসেবে অনুশীলন ম্যাচের অভাবকে দায়ী করেছেন। আশরাফুলের মতে, যদি মূল লড়াইয়ের আগে অন্তত একটি তিনদিনের বা একদিনের প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ থাকত, তবে খেলোয়াড়রা ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারতেন। তিনি বলেন, 'বাড়তি বাউন্সে মানিয়ে নিতে আমাদের একটু সময় লেগেছে। টেস্ট ম্যাচে আমরা ভালো করতে পারিনি। পরে তৃতীয় ওয়ানডেতে আমরা মানিয়ে নিতে পেরেছি।'
ব্যাটিং ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আশরাফুল আরও বলেন, 'একটি তিনদিনের ম্যাচ কিংবা ওয়ানডে ম্যাচ হলে মানিয়ে নেওয়ার কাজটি সহজ হতো। ওই অপশনটা এখন আর নেই। যদিও আমাদের টেস্ট ও ওয়ানডে দলের ক্রিকেটাররা আগে গিয়েছিলেন, কিন্তু অনুশীলন ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। এটা হলে মূল ম্যাচগুলোর ফল আমাদের পক্ষেই থাকত।'
তবে নিজের দলের ব্যাটারদের গত সাত মাসের পারফরম্যান্স নিয়ে আশাবাদী এই কোচ। তিনি বলেন, 'গত সাত মাস ধরে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছে। একটি সিরিজ খারাপ হতেই পারে। একটি টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের চারটি টেস্ট ম্যাচেই অসাধারণ খেলেছে আমাদের ব্যাটসম্যানরা। আমি চেষ্টা করছি আমার জায়গায় সেরাটা দেওয়ার জন্য।' এখন বাংলাদেশ দলের সব মনোযোগ আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের দিকে।
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২৩: ০৬আপডেট : ২২ জুলাই ২০২৬, ২৩: ১২ এবারের জিম্বাবুয়ে সফরটি সব সময় ভুলে থাকতে চাইবে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :