Facebook Twitter Instagram YouTube

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের মৃত্যু, আহত অন্তত ২০


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ / ০
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের মৃত্যু, আহত অন্তত ২০

নাটোরের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে একটি যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে ঘটা এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানানো হয়েছে, বাসের বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করে যাচ্ছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh