
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহর সম্প্রসারণে বড় ধরনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে রাষ্ট্রীয় এই বিমান সংস্থার বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও এ বছর নতুন করে ২৫টি বোয়িং কেনার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া আজ এয়ারবাসের আরও ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের মধ্যে আরও ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। তবে এই বিশাল বহর বাড়ানোর বিপরীতে বিমানের বর্তমান সক্ষমতা এবং নতুন উড়োজাহাজ পরিচালনার প্রস্তুতি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে যন্ত্রাংশ ও সরঞ্জামের সংকট, প্রকৌশলী ও মেইনটেন্যান্স সক্ষমতার অভাব এবং তীব্র পাইলট সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সংস্থাটি।
বর্তমানে ১৯টি উড়োজাহাজ চালাতে বিমানে প্রায় ২১৮ জন পাইলট এবং ৬০০ জন কেবিন ক্রু রয়েছেন। অথচ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই বহরের জন্যই অন্তত ৩০০ জন পাইলট ও ৯০০ জন কেবিন ক্রু প্রয়োজন। নতুন উড়োজাহাজ ও লিজের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের মোট বহর দাঁড়াতে পারে ৬৪টিতে। আন্তর্জাতিক মান অনুযায়ী, ৫০ থেকে ৬০টি উড়োজাহাজ পরিচালনাকারী একটি এয়ারলাইন্সে গড়ে ৬০০ থেকে ৭৫০ জন পাইলট এবং ৯০০ থেকে ১২০০ জন কেবিন ক্রু প্রয়োজন হয়। ওয়াইড-বডি (বোয়িং ৭৭৭ বা ৭৮৭) বিমানের জন্য ১৪ থেকে ১৬ জন এবং ন্যারো-বডি (এয়ারবাস এ৩২০ বা বোয়িং ৭৩৭) বিমানের জন্য ১০ থেকে ১২ জন পাইলটের স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়। সেই হিসাবে ৬৪টি উড়োজাহাজের জন্য বিমানে অন্তত ৭৬৮ থেকে ৮৯৬ জন পাইলট এবং ১০২৪ থেকে ১২৮০ জন কেবিন ক্রু লাগবে। অর্থাৎ বিমানকে অতিরিক্ত আরও প্রায় ৫৮৮ থেকে ৭১৬ জন নতুন পাইলট এবং ৪২৪ থেকে ৬৮০ জন কেবিন ক্রু নিয়োগ ও প্রশিক্ষণ দিতে হবে।
এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম মনে করেন, আন্তর্জাতিক বাজারে অংশীদারত্ব বাড়াতে বহর সম্প্রসারণ ইতিবাচক। তবে নতুন বিমান আসার আগেই পাইলট, কেবিন ক্রু, প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণকর্মী নিয়োগ এবং প্রশিক্ষণ শেষ করতে হবে। এছাড়া সিমুলেটর, যন্ত্রাংশ, মেইনটেন্যান্স সুবিধা ও গ্রাউন্ড সাপোর্ট প্রস্তুত রাখা জরুরি। শুধু পয়েন্ট-টু-পয়েন্ট ফ্লাইটের ওপর নির্ভর না করে স্পোক-হাব মডেল, ইন্টারলাইন ও কোডশেয়ার চুক্তির মাধ্যমে বাজার সম্প্রসারণ করতে হবে। অন্যথায় বড় বহর পরিচালনা করা কঠিন হবে। অপর এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম দেশেই আন্তর্জাতিকমানের পাইলট প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ফ্লাইং একাডেমির মতো পুরোনো প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন ও পুনরুজ্জীবিত করা উচিত। বিদেশ থেকে পাইলট এনে ঘাটতি মেটানো সম্ভব হলেও তাতে পরিচালন ব্যয় অনেক বেড়ে যাবে।
বিমানের আরেকটি বড় দুর্বলতা হলো মেইনটেন্যান্স সক্ষমতা ও যন্ত্রাংশের ঘাটতি। বোয়িংয়ের ২০২৫ সালের অক্টোবরের এক প্রতিবেদনে বিমানের কারিগরি ও পরিচালন ব্যবস্থার বেশ কিছু দুর্বলতা উঠে এসেছে। প্রতিবেদনে কর্মীদের অবসরে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদি জনবল পরিকল্পনা এবং দক্ষ কর্মীদের ধরে রাখতে ক্যারিয়ার উন্নয়ন ও আর্থিক প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন মডেলের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য প্রকৌশলীদের প্রশিক্ষণ বাড়ানো ও শিক্ষানবিশ কর্মসূচি চালুর পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যাত্রী ওঠানামার স্থান থেকে বিমানের হ্যাঙ্গারের দূরত্ব ২০ থেকে ৪০ মিনিটের। কোনো বিমানে শেষ মুহূর্তে কারিগরি সমস্যা দেখা দিলে প্রকৌশলীদের হ্যাঙ্গার থেকে প্রয়োজনীয় নথিপত্র প্রিন্ট করে আনতে হয়, কারণ তাদের কাছে ডিজিটাল ম্যানুয়াল দেখার জন্য কোনো ট্যাব নেই। এমনকি বিমানবন্দরের ভেতরে যাতায়াতের জন্য প্রকৌশলীদের আলাদা গাড়ি নেই এবং হ্যাঙ্গারে উড়োজাহাজের উচ্চতায় পৌঁছানোর জন্য মাত্র একটি হাই-লিফট প্ল্যাটফর্ম রয়েছে।
বিদেশের স্টেশনগুলোতে বিমানের নিজস্ব কারিগরি সহায়তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। সেখানে স্থানীয় কর্মী বা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী ভাগাভাগির চুক্তি না থাকায় কোনো সমস্যা হলে ঢাকা থেকে প্রকৌশলী পাঠাতে হয়। ভিসা ও যাতায়াত প্রক্রিয়ার কারণে মেরামত কাজ শুরু হতেই অনেক সময় চলে যায়। যেমন, গত ৭ আগস্ট রোমের ফিউমিচিনো বিমানবন্দরে টরন্টো থেকে ঢাকাগামী একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ কারিগরি ত্রুটির কারণে আটকে যায়। পরে ঢাকা থেকে দুজন প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠানোর পর সেটি সচল হয়। এই ঘটনায় প্রায় ২৬০ জন যাত্রী ৪০ ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে আটকে ছিলেন।
নতুন উড়োজাহাজ যুক্ত হলে পার্কিং, হ্যাঙ্গার, লাগেজ, কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চাপ অনেক বাড়বে। এটিএম নজরুল ইসলাম বলেন, ঢাকায় পর্যাপ্ত জায়গা না থাকলে সিলেট বা কক্সবাজার বিমানবন্দরকে বিকল্প হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা যেতে পারে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিদ্যমান রানওয়ের সক্ষমতা অন্তত ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানোর জন্য কাজ করতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু এবং কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন সম্ভাবনা তৈরি হবে, তবে বিমানবন্দর ও গ্রাউন্ড অপারেশনকে একই গতিতে প্রস্তুত করতে হবে। পাশাপাশি বহর সম্প্রসারণের ফলে বিমানের আর্থিক দায়ও বাড়বে। নতুন উড়োজাহাজের প্রি-ডেলিভারি ও ডেলিভারি পেমেন্ট, লিজের দায় এবং পরিচালন ব্যয় সামলাতে এখন থেকেই দীর্ঘমেয়াদি ও সমন্বিত ফাইন্যান্সিং মডেল তৈরি করা প্রয়োজন।
এ বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমানের বহর সম্প্রসারণ বর্তমান সরকারের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। নতুন উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি এগুলো পরিচালনার প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বহর সম্প্রসারণের সুফল নিশ্চিত করতে একটি নিরাপদ, দক্ষ ও জবাবদিহিমূলক পরিচালনা ব্যবস্থা গড়ে তোলা হবে।
আপনার মতামত লিখুন :