Facebook Twitter Instagram YouTube

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৩০


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ /
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) নিরাপত্তা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছেন।

জানা গেছে, বুধবার একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, এই অভিযানে সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য আহতও হয়েছেন।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে, যার ফলে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি বেশ অস্থিতিশীল। একইসঙ্গে প্রদেশটি বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি (CPEC)-এর একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

সম্প্রতি পাকিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ এই সংঘর্ষের ঘটনার মাত্র একদিন আগেই জিয়ারাত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের পৃথক এক সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।