Facebook Twitter Instagram YouTube

নেপালের জলবিদ্যুৎ টানেল থেকে ১০ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ /
নেপালের জলবিদ্যুৎ টানেল থেকে ১০ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেলে আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের একটি যৌথ দল তাকে উদ্ধার করে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্ধার হওয়া ওই চীনা নাগরিকের নাম লুহাইতাও। নেপালি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, টানেলের ভেতরে প্রায় ২২৫ মিটার গভীরে একটি স্থান থেকে তাকে জীবিত বের করে আনা হয়। উদ্ধারের পরপরই তার শারীরিক অবস্থা পরীক্ষার কাজ শুরু হয়েছে। তবে তার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নেপালি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এবং বিদেশি উদ্ধারকারীদের একটি সমন্বিত দল এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসের ফলে আকস্মিক বন্যা ও ঢলের সৃষ্টি হয়। এতে ত্রিশুলি উপত্যকার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক মানুষ নিহত ও নিখোঁজ হন। একইসঙ্গে উপত্যকার বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আটকা পড়েছিলেন।

দুর্যোগের পর থেকেই কাদা, ধ্বংসাবশেষ ও পানিতে ভরা টানেলগুলোতে উদ্ধার অভিযান চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। লুহাইতাওকে উদ্ধারের পরও আপার ত্রিশুলি-১সহ অন্যান্য জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারীরা টানেলের ভেতরে জীবিত অন্য কাউকে পাওয়ার আশায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধারের ঘটনায় নিখোঁজদের স্বজনদের মধ্যে নতুন করে আশা সঞ্চার হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy