Facebook Twitter Instagram YouTube

দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ /
দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার সরকারি আশ্বাসের পর আনুষ্ঠানিকভাবে নিজেদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির যন্তর-মন্তরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সংগঠনটির তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সৌরভ দাস বলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ায় তারা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। অশুতোষ রাঙ্কা জানান, দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের পর সরকার সব দাবি মেনে নেওয়ায় তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

সিজেপির প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সিজেপি জানিয়েছে, সরকারের সঙ্গে সমঝোতার অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী চার সপ্তাহের মধ্যে উভয় পক্ষের মধ্যে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din