Facebook Twitter Instagram YouTube

জরুরি পরিস্থিতিতে তিন দিনের খাবার ও পানি মজুতের পরামর্শ বৃটিশ সরকারের


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ / ০
জরুরি পরিস্থিতিতে তিন দিনের খাবার ও পানি মজুতের পরামর্শ বৃটিশ সরকারের

প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা বা অন্য কোনো গুরুতর জরুরি পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে নাগরিকদের ঘরে পর্যাপ্ত পানি ও তিন দিনের খাবার মজুত রাখার পরামর্শ দিয়েছে বৃটিশ সরকার। নতুন এই নির্দেশনায় প্রতিটি নাগরিককে অন্তত ৯ লিটার বোতলজাত পানি এবং তিন দিন চলার মতো খাবার প্রস্তুত রাখতে বলা হয়েছে। ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ নামের এই প্রচারাভিযানের মূল লক্ষ্য হলো, যেকোনো জরুরি পরিস্থিতিতে অন্তত ৭২ ঘণ্টা নাগরিকদের নিজেদের প্রয়োজন নিজেরা মেটাতে সক্ষম করে তোলা।

বৃটেনের নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী ড্যান জারভিস জানিয়েছেন, যারা এই পরামর্শ অনুসরণ করতে পারবেন তাদের তা করা উচিত। তিনি একে দৈনন্দিন জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সহজ কিছু পদক্ষেপ এবং জাতীয় পর্যায়ে সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানোর সম্মিলিত প্রচেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের মতে, রাশিয়া কিংবা অন্য শত্রুভাবাপন্ন শক্তির মদতে পরিচালিত সন্ত্রাসবাদী তৎপরতার ঝুঁকিকে বৃটেনকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এসব হুমকি কাল্পনিক নয়, বরং বাস্তব এবং তা ক্রমেই বৃটেনের কাছে পৌঁছে যাচ্ছে। স্ট্রিটিং একে ‘রাষ্ট্রীয় মদতে পরিচালিত সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন।

সরকারি নির্দেশনায় পানি ও খাবারের পাশাপাশি ঘরে কম্বল, নগদ অর্থ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, ব্যাটারিচালিত টর্চ এবং হাত দিয়ে ঘোরানো যায় এমন এফএম রেডিও রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পানি সংরক্ষণের বিষয়ে বলা হয়েছে, প্রত্যেকের জন্য প্রতিদিন পান করার উপযোগী তিন লিটার পানি প্রয়োজন, তবে রান্না ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আরও বেশি পানির প্রয়োজন হবে। বৃটিশ সরকারের এই উদ্যোগ ফ্রান্স, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের অনুরূপ পরামর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

শীতকালীন ঝড়ের মৌসুম শুরুর আগেই এই প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী ঝড়ের কারণে বৃটেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎহীনতার মতো ঘটনা ঘটেছে। এছাড়া ‘সুপার এল নিনো’র প্রভাবে আবহাওয়ার অনিশ্চিত পরিবর্তন এবং খাদ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। এদিকে, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তাগত দুর্বলতা শনাক্ত হওয়ার পর বৃটিশ সরকারের ৩২টি ওয়েবসাইট সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়েছিল। জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র এ সংক্রান্ত ৫০ হাজার সতর্কবার্তা পাঠিয়েছে। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ১৯৮০ সালের পর বৃটেনে এমন জনসচেতনতামূলক প্রচারাভিযান বিরল। এর আগে ‘প্রোটেক্ট অ্যান্ড সারভাইভ’ নামে একটি প্রচারাভিযানে নাগরিকদের পারমাণবিক যুদ্ধের সময় ১৪ দিনের খাদ্য ও আশ্রয়স্থল তৈরির পরামর্শ দেওয়া হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin