Facebook Twitter Instagram YouTube

যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ /
যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামেই বেশি পরিচিত, তাঁকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল। আজ বুধবার সকালে যশোরের একটি স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডেভিড ইমনের সঙ্গে আরও পাঁচজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবাই শুটার হিসেবে পরিচিত। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে মোবারক হোসেন ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় জোড়া খুন এবং একই বছরের ২৩ মে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট সাতটি মামলার আসামি তিনি। পুলিশের দাবি, অস্ত্র ব্যবহারে দক্ষ এই সন্ত্রাসী অন্তত ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র বহন করেছেন এবং বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করার মূল দায়িত্ব তাঁর ওপরই ছিল।

বর্তমানে বিদেশে থাকা বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন মোবারক হোসেন ইমন ও মোহাম্মদ রায়হান। সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বর্তমানে কারাগারে থাকায় এই দায়িত্ব তাঁদের ওপর বর্তায়। মোহাম্মদ রায়হানের বিরুদ্ধেও হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত আটটি মামলা রয়েছে। বড় সাজ্জাদের বাহিনীতে ৫০ জনের মতো শুটার ও সহযোগী সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে যে, রায়হান ও ইমন নিয়মিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo