Facebook Twitter Instagram YouTube

ঢাকার নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে বিশেষ কেন্দ্রীয় সেল গঠন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ /
ঢাকার নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে বিশেষ কেন্দ্রীয় সেল গঠন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম। রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীগুলোর দখল ও দূষণ রোধ করে স্বাভাবিক নাব্য ফিরিয়ে আনা এবং বেদখল হয়ে যাওয়া নদী উদ্ধারের লক্ষ্যে সরকার একটি কেন্দ্রীয় সেল গঠন করেছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সেল গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

৩৭ সদস্যের এই কেন্দ্রীয় সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সেলটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে নৌবাহিনীকে। এছাড়া এই সেলের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; নৌপরিবহন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দকে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরীসহ ঢাকার চারপাশের নদী এবং সংশ্লিষ্ট খাল ও নালাগুলোর দূষণ নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধারে এই সেল কাজ করবে। সেলের অধীনে তিনটি সাব-কমিটি গঠন করা হয়েছে, যাদের কাজের পরিধি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

প্রথম সাব-কমিটি শিল্পবর্জ্যসহ সব ধরনের বর্জ্যের উৎসমুখ নিয়ন্ত্রণ করবে। দ্বিতীয় সাব-কমিটি খাল ও ড্রেনের বর্জ্য অপসারণের পাশাপাশি নদী পুনরুদ্ধার ও পানির প্রবাহ সচল রাখার দায়িত্ব পালন করবে। এছাড়া তৃতীয় সাব-কমিটি নদীর তলদেশে জমে থাকা স্থায়ী বর্জ্য অপসারণসহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কাজ করবে।

কেন্দ্রীয় এই সেল প্রতি মাসে তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেবে। একইসঙ্গে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত চলমান প্রকল্পগুলোর সমন্বয় ও পর্যালোচনা করবে এই সেল।

প্রজ্ঞাপন অনুযায়ী সাব–কমিটি ১ শিল্পবর্জ্যসহ সকল বর্জ্যের উৎসমুখ নিয়ন্ত্রণ, সাব–কমিটি ২ খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, নদী পুনরুদ্ধার ও পানির প্রবাহ সচল রাখা এবং সাব–কমিটি ৩ নদীর তলদেশে জমে থাকা স্থায়ী বর্জ্য অপসারণসহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কাজ করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor