Facebook Twitter Instagram YouTube

উল্টো পথে গাড়ি চালানোয় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে পুলিশের মামলা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ /
উল্টো পথে গাড়ি চালানোয় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে পুলিশের মামলা

রাজধানীর সার্কিট হাউজ রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে এই ঘটনাটি ঘটে। ট্রাফিক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পতাকাবাহী ওই গাড়িটি উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে গাড়িটিকে থামিয়ে দেয়। ট্রাফিক আইন লঙ্ঘন করায় গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। দুটি মামলায় মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে, যার প্রতিটি মামলার মূল্য তিন হাজার টাকা করে।

ঘটনার সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতেই ছিলেন। ট্রাফিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে চলছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক বিভাগের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার দায়ে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে যানজট এড়াতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার কথা গণমাধ্যমে এলেও মামলা হওয়ার কোনো নজির নেই।

এই ঘটনাটি সচিবালয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী নিজে যানজটের মধ্যেও ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ে যাতায়াত করেন। এমন পরিস্থিতিতে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনা শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh