
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৯৪ জনের শরীরে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৯ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ১৬৫ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০৯ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু। সবমিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৯৩৩ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।
আপনার মতামত লিখুন :