Facebook Twitter Instagram YouTube

১১ বছর পর মাঠে রোনালদিনহো, খেলবেন ইতালির ক্লাব রাভেন্নায়


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ / ০
১১ বছর পর মাঠে রোনালদিনহো, খেলবেন ইতালির ক্লাব রাভেন্নায়

দীর্ঘ ১১ বছরের বিরতি কাটিয়ে ফের পেশাদার ফুটবলে মাঠে নামছেন ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবল তারকা রোনালদিনহো। আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান জাদুকর। ফরলির বিপক্ষে একটি ডার্বি ম্যাচ দিয়েই ইতালীয় দলটির হয়ে তাঁর অভিষেক হতে যাচ্ছে।

গত জুনেই রাভেন্নায় যোগ দেওয়ার ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করেছিলেন রোনালদিনহো। তবে এতদিন তাঁর মাঠে নামার সুযোগ হয়ে ওঠেনি। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এবার সত্যিই মাঠে নামছেন তিনি। দলটির আশা, নিজেদের হোম ভেন্যু স্টেডিয়াম ব্রুনো বেনেল্লিতে রোনালদিনহোর এই উপস্থিতি পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর কাড়বে।

রোনালদিনহোকে ঘিরে গত আগস্ট থেকেই ক্লাব সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বিখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড সিপ্রিয়ানির কর্ণধার এবং ক্লাবের মালিক ইগ্নাজিও সিপ্রিয়ানি স্বপ্ন দেখছেন রোনালদিনহোকে দিয়ে ক্যারিয়ারের শেষ গোলটি করানোর। মায়ামিতে দলে যোগ দেওয়ার ঘোষণা থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে এই তারকাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার পুরো পর্বই ফুটবল ভক্তদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

দলটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পুরো ফুটবল বিশ্ব যা অসম্ভব ভেবেছিল, সেটাই এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হচ্ছে। তাদের মতে, রোনালদিনহোর সেই জাদু, সেই পরিচিত হাসি এবং অনন্য প্রতিভা আরও একবার সবুজ মাঠে ফিরছে, যা যুগের পর যুগ ধরে সমর্থকদের মুগ্ধ করে এসেছে। সমর্থকেরা যে দলেরই অনুসারী হোন না কেন, রোনালদিনহোর প্রতি তাঁদের ভালোবাসা আজও আগের মতোই অটুট রয়েছে। একই সঙ্গে ক্লাব সভাপতি সিপ্রিয়ানির অভাবনীয় স্বপ্নটি এবার মাঠে নামার সুনির্দিষ্ট তারিখ পেল বলে জানায় রাভেন্না।

ইতালির ফুটবলে এটি সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহোর দ্বিতীয় ইনিংস। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের হয়ে আলো ছড়িয়েছেন তিনি। এর পাশাপাশি ইউরোপের বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনায় খেলেছেন তিনি। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় এবং ২০০৫ সালে অর্জিত ব্যালন ডি'অর তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। উল্লেখ্য, ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলার পর দীর্ঘ বিরতিতে ছিলেন এই কিংবদন্তি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh