Facebook Twitter Instagram YouTube

মুক্তির আগের দিন দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ /
মুক্তির আগের দিন দিনাজপুর কারাগারে কয়েদির মৃত্যু

দিনাজপুর জেলা কারাগারে মো. নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত কয়েদি মো. নাদিম দিনাজপুর শহরের মিশন রোড এলাকার প্রয়াত আলাউদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় ১০ দিনের সাজাপ্রাপ্ত হয়ে নাদিম দিনাজপুর জেলা কারাগারে আসেন। বুধবার ছিল তার সাজার শেষ দিন এবং পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy