
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিএনপি। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৫ সেপ্টেম্বর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
রুহুল কবির রিজভী আরও জানান, সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি বিশেষ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচির দায়িত্বে থাকবেন যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ ছাড়াও আরও কিছু কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে, যার খসড়া দলীয় চেয়ারম্যানের সাথে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।
নয়াপল্টনে আয়োজিত এই যৌথসভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :