
যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তাদের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। এই প্রশিক্ষণের সুবিধার্থেই বিশ্বব্যাপী দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে সমন্বয় আনা হচ্ছে বলে মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।
তবে এই প্রশিক্ষণ কার্যক্রম কত দিন চলবে বা কতদিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত থাকবে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারীদের শনাক্ত ও যাচাই-বাছাইয়ে দক্ষ করে তোলা, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন। এর মাধ্যমে ভিসার সমস্ত আবেদন ধারাবাহিকভাবে ও ব্যাপকভাবে মূল্যায়ন নিশ্চিত করা হবে।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যেসব অভিবাসী ভিসার আবেদনকারীর সাক্ষাৎকার আগে থেকেই নির্ধারিত ছিল, তাদের ইমেলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং নতুন তারিখ সম্পর্কে পরবর্তীতে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :