
চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে অবস্থিত হুইতেং শুজ নামের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সিসিটিভির ফুটেজে দেখা যায়, বহুতল ভবনটির ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের নিচতলার অনেক কর্মীকে জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা গেছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি উদ্ধারযান মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধার এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরও ভবনের ভেতরে আরও কিছু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। তিনি উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে এর পেছনে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :