
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় তাকে কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিনের বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই অভিযোগ অনুসন্ধানের জন্য পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, শফিউদ্দিনের বিরুদ্ধে এই অনুসন্ধান প্রক্রিয়া গত ২০২৫ সালের ১৪ ডিসেম্বর শুরু হয়। কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি বর্তমানে অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনে প্রতিবেদন জমা দেবে। এরপর প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে কমিশন পরবর্তী আইনি পদক্ষেপ বা মামলা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অনুসন্ধান নিষ্পত্তিও হতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ জুন জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান। দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক একাধিক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :