
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বিলপাড়া এলাকায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা দুটি বাড়ির সামনে কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।
জানা গেছে, নওদাপাড়া গ্রামের নিজাম উদ্দিন (পিতা ইব্রাহিম হোসেন) এবং ইমদাদুল হকের (পিতা একরামুল হক) বাড়ির মূল ফটকের সামনে বস্তু দুটি পড়ে ছিল। ইমদাদুল হকের ছেলে হোসেন জানান, সকালে পরিবারের সদস্যরা বাড়ির সামনে এগুলো দেখতে পান। রাতের অন্ধকারে কারা, কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, সে বিষয়ে স্থানীয়রা কিছুই জানেন না।
সংবাদ পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করেন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বস্তু দুটি পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী নিশ্চিত করেছেন যে, উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল সদৃশ। তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :