
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে আইনগত সহায়তা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক। তিনি যদি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশে এসে আত্মসমর্পণ করতে চান, তবে আইন তার নিজস্ব গতিতেই চলবে। তিনি আরও বলেন, আত্মসমর্পণ প্রক্রিয়ার আগেই হয়তো তাকে গ্রেপ্তার করা হবে, তবে আইন তাকে যে ক্ষমতা দিয়েছে, সরকার সেই অথরিটি প্রয়োগ করবে। আইনের কোনো ব্যত্যয় ঘটিয়ে সরকার কাজ করবে না বলেও তিনি স্পষ্ট করেন।
শেখ হাসিনার কাছে পাসপোর্ট না থাকার বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, তিনি কীভাবে আসবেন তা তার নিজস্ব সমস্যা। মন্ত্রী আরও যোগ করেন, তিনি যখনই বাংলাদেশের সীমানার ভেতর প্রবেশ করবেন, তখনই আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সংসদ অধিবেশন ডাকার বিষয়ে তিনি বলেন, যেহেতু গত অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়, তাই সাংবিধানিকভাবেই এই সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সমন্বয় করা সম্ভব। আপাতত কোনো বিশেষ অধিবেশনের প্রয়োজনীয়তা নেই, তবে সরকার চাইলে তা ডাকতে পারে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :