Facebook Twitter Instagram YouTube

পোশাকশিল্পের বাধা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ /
পোশাকশিল্পের বাধা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। পোশাকশিল্পের অগ্রযাত্রায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান।

বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিরা পোশাকশিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে খাতটির স্বল্প ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু দাবি ও প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী জানান, সরকার এরই মধ্যে এসব সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। তিনি বলেন, এর অনেকগুলোই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তবে যেসব বিষয় এখনই সমাধান করা সম্ভব, সেগুলোতে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অবকাঠামোসহ প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, পোশাকশিল্পের বিকাশে অবকাঠামোগত উন্নয়নের যে কাজ শুরু হয়েছে, তা সম্পন্ন হলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সরকার ব্যবসায়ীদের জন্য ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়ন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh