
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে আসায় দেশের বাজারে সোনার গহনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম কার্যকর করার কথা বলা হয়, যা সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে ১০ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল, আর তিনদিনের মাথায় একই পরিমাণ দাম কমানো হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা করা হয়েছে। উল্লেখ্য, সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :