
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের বেদেপল্লীর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই জেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে করে তারা গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল বেপারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফয়সাল বেপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উজ্জ্বল বাড়ৈ মারা যান। শনিবার আইনি তদন্ত শেষে তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :