Facebook Twitter Instagram YouTube

গাজা থেকে সেনা না সরালে নিরস্ত্রীকরণ নয়: হামাস


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ /
গাজা থেকে সেনা না সরালে নিরস্ত্রীকরণ নয়: হামাস

গাজা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো ধরনের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ এই অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি সরাসরি ইসরাইলের গাজা থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনের সঙ্গে সম্পৃক্ত।

গাজি হামাদ আরও স্পষ্ট করেন যে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরাইলের কোনো ভূমিকা থাকবে না। বরং এই পুরো বিষয়টি একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে। তিনি জোর দিয়ে বলেন, চুক্তি অনুযায়ী ইসরাইল আগে তার দায়িত্ব পালন না করলে হামাস কোনো নিরস্ত্রীকরণ পদক্ষেপ বাস্তবায়ন করবে না। চলমান আলোচনাকে অত্যন্ত কঠিন ও জটিল হিসেবে বর্ণনা করে তিনি জানান, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করে সর্বোত্তম ফল অর্জনের চেষ্টা করছে হামাস। এ সময় সমঝোতা প্রক্রিয়ায় মধ্যস্থতার জন্য তিনি মিসর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি সমঝোতা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে।

গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ওই যুদ্ধবিরতির পরও ইসরাইল গাজাজুড়ে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এতে আরও ১ হাজার ২১৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৯৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor