Facebook Twitter Instagram YouTube

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ / ০
তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। এটি বাংলাদেশে তার প্রথম সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া তার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে।

কূটনৈতিক সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন ঢাকার পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী। সার্জিও গোরের এই সফরকে সেই কূটনৈতিক প্রচেষ্টারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din