
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের কারণে আগামী পাঁচ দিন সারাদেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার এই সতর্কবার্তা প্রকাশ করেছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলের দিকে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করার কথা ছিল।
বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, এই নিম্নচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমি বায়ু বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
প্রথম ও দ্বিতীয় দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে বৃষ্টির প্রবণতা দেশের আটটি বিভাগেই আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ ও পঞ্চম দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, প্রথম দিনে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তৃতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এরপর চতুর্থ দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও পঞ্চম দিনে তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :