
লোহিত সাগরে চলাচলকারী সৌদি মালিকানাধীন এনসেলিয়া নামের একটি তেলবাহী জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলায় জাহাজটির সামনের অংশে আগুন ধরে গেলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি গণপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের সকল নাবিক বর্তমানে নিরাপদ রয়েছেন। জাহাজটি এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। হামলার পর নাবিকরাই জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাহাজটির ডান পাশে আঘাত করেছিল। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থার তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত সোমবার (২০ জুলাই)। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ছাড়ার পর আল শোকাইয়ার প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জাহাজটি হামলার কবলে পড়ে।
এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের বন্দর অবরোধ অমান্য করার কারণে এই হামলা চালানো হয়েছে। হুথিদের ভাষ্যমতে, এনসেলিয়া ছাড়াও 'লায়লা' নামের বাহরি মালিকানাধীন আরও একটি বড় অপরিশোধিত তেলবাহী জাহাজেও তারা হামলা চালিয়েছে, তবে দ্বিতীয় এই হামলার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত সোমবার হুথিরা সৌদি আরবের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছিল। বিভিন্ন জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে পাঠানো ই-মেইলে তারা সতর্ক করে দেয় যে, সৌদি বন্দরে পণ্য ওঠানো বা নামানো কোনো জাহাজ চলাচল করতে পারবে না এবং এমন জাহাজ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব এখন পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে তেল এনে লোহিত সাগর দিয়ে রপ্তানি করছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই নৌপথের নিরাপত্তা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বুধবার (২২ জুলাই) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :