Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ /
হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালির জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে ওমানের দেওয়া একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথে ইরানের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, তাদের দাবি অনুযায়ী প্রস্তাব গ্রহণ করা না হলে হরমুজ প্রণালি বন্ধই রাখা হবে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। ওমানের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে, হরমুজ প্রণালির জাহাজ চলাচলের রুটের ৫০ শতাংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে এবং বাকি ৫০ শতাংশ ওমানের জলসীমার মধ্য দিয়ে পরিচালিত হবে। প্রস্তাব অনুযায়ী, জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা ব্যবহার করে প্রণালি অতিক্রম করার কথা ছিল।

তবে তেহরান এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। কাজেম গরিবাবাদি জানান, ইরানের পাল্টা প্রস্তাব হলো, প্রণালির যেসব অংশ তাদের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত, তার পাশাপাশি ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া নৌপথের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে। তিনি বলেন, 'আমাদের প্রস্তাব হলো, হরমুজ প্রণালির ট্রানজিট রুটের একটি অংশ আমাদের আঞ্চলিক জলসীমায় থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া অংশও আমাদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে।'

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রচুর অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যৌথ হামলার ঘটনার পর থেকে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy