
ভারতে প্রচলিত কাগজের নোটের পরিবর্তে পলিমার বা প্লাস্টিকের নোট ব্যবহারের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। রিজার্ভ ব্যাংকের দীর্ঘদিনের এই পরিকল্পনার বিষয়ে সরকারের পক্ষ থেকে অনুমোদন পাওয়া গেছে। লোকসভায় উত্থাপিত এক প্রশ্নের লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মুম্বই ও পাটনায় অনুষ্ঠিত রিজার্ভ ব্যাংকের বোর্ড সভায় ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপরই প্রস্তাবটি অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। নতুন এই পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে ১০ এবং ২০ রুপির নোট বাজারে আনা হবে। প্রতিটি নোটের জন্য ১০০ কোটি করে পলিমার নোট তৈরি করে এর কার্যকারিতা পরীক্ষা করা হবে। এই পরীক্ষা সফল হলে পরবর্তী সময়ে নিয়মিত ব্যবহারের জন্য নোটগুলো বাজারে ছাড়া হবে।
কাগজের মুদ্রার তুলনায় প্লাস্টিকের নোটের উৎপাদন খরচ অনেক কম এবং এগুলো সহজে ছিঁড়ে যায় না বা নষ্ট হয় না। দীর্ঘমেয়াদে ব্যবহারের উপযোগী হওয়ার কারণেই এই নোটগুলো বাজারে আনার চিন্তাভাবনা করা হচ্ছে।
রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩-’২৪ আর্থিক বছরে কাগজের নোট ছাপাতে কেন্দ্রের খরচ হয়েছিল ৫,১০১.৪ কোটি রুপি। ২০২৪-’২৫ অর্থবর্ষে সেই খরচ বেড়ে ৬,৩৭২.৮ কোটি রুপিতে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া ময়লা নোট বাতিলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছে রিজার্ভ ব্যাংক। ২০২৪-’২৫ অর্থবর্ষে প্রায় ২,৩৮০ কোটি ময়লা হয়ে যাওয়া টাকা প্রত্যাহার করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, যা আগের আর্থিক বছরের (২০২৩-’২৪) ২,১২৪ কোটির তুলনায় ১২.৩ শতাংশ বেশি।
আপনার মতামত লিখুন :