Facebook Twitter Instagram YouTube

ইসিকে চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ /
ইসিকে চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কমিশনকে স্বাধীনভাবে এবং চোখ-কান খুলে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার ২৯ জুলাই দুপুরে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক পরবর্তী বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন বর্তমানে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তিনি বলেন, আমরা ইসিকে চোখ-কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায়, দলটির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। এছাড়া, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের সেই পদের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বন্ধ করার যে সিদ্ধান্ত ইসি নিয়েছে, তা বাতিলের দাবিও জানিয়েছে জামায়াত। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচন কমিশন তাদের দাবি আমলে নিয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor