Facebook Twitter Instagram YouTube

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: সালাউদ্দিন টুকু


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ /
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের এক অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণবিষয়ক মানসিকতা গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রায় ১০০ বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় পাঁচ হাজারে নেমে এসেছে। এই পরিসংখ্যান বাঘের অস্তিত্ব যে কতটা হুমকির মুখে রয়েছে, তা স্পষ্টভাবে নির্দেশ করে। তিনি সতর্ক করে বলেন, যদি এখনই আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করতে না পারি এবং সাধারণ মানুষকে সচেতন করতে ব্যর্থ হই, তবে ভবিষ্যতে এ প্রজাতি আরও ভয়াবহ সংকটের মুখে পড়বে।

বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৪টি বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রায় ১৫টি এবং দেশের অন্যান্য চিড়িয়াখানায় আরও প্রায় ৫০টি বাঘ রয়েছে। বাঘকে জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এ প্রাণী সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হয়।

বাঘ গণনায় বাজেট ও স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, বাঘ গণনার বিষয়টি বন বিভাগের আওতাধীন এবং এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। তবে তিনি আশ্বস্ত করেন যে, বন বিভাগ তাদের নিজস্ব প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গেই এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২: ৩১আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২: ৩৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh