
রাজধানীর বাড্ডায় আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেছেন যে, বর্তমানে দেশে 'জোর যার মুলুক তার' নীতিতে সবকিছু পরিচালিত হচ্ছে। বুধবার (২৯ জুলাই) বাড্ডা থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রাজনীতির মূল সমস্যা সমাধান না করে কেবল উপরিভাগের পরিবর্তনের কারণে দেশে বারবার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, অসৎ নেতৃত্বের কারণেই মূলত দেশের জনগণ রাষ্ট্রের প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। জনগণের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন আনতে হলে রাজনীতি থেকে এই অসৎ নেতৃত্বকে চিরতরে দূর করার বিকল্প নেই।
ভোগবাদী রাজনীতি দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হয়ে এবং বহুবার সরকার পরিবর্তন হলেও দেশে কাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। উল্টো আইনের শাসনের জায়গায় স্বেচ্ছাচারিতা এবং দেশজুড়ে অপরাধের অভয়ারণ্য গড়ে উঠেছে।
নগর প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব না থাকায় ঢাকা শহর আজ অপরিচ্ছন্ন ভাগাড়, জলাবদ্ধতা এবং চরম জনদুর্ভোগের শহরে পরিণত হয়েছে।
থানা আমীর মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা। এছাড়া ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ আল মারুফসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :