
প্রায় চার বছর আগে রাজধানীর মধ্য বাড্ডায় সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় গাড়িচালক হৃদয় বেপারী ওরফে হৃদয় মিঞাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন চৌধুরী এই মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত আফরোজা সুলতানা সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার নিজ ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন ডিবি গুলশান জোনের উপ-পরিদর্শক মো. রিপন উদ্দিন।
তদন্তে প্রাপ্ত সিসিটিভি ভিডিও, আসামির স্বীকারোক্তি ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ চার্জশিট প্রদান করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারিয়ে ফেলেছিলেন। সেই দেনা মেটানোর উদ্দেশ্যে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের পরিকল্পনা করেন তিনি। ঘটনার দিন আফরোজা সুলতানাকে বাসায় একা পেয়ে চাকু দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন হৃদয়।
পুলিশ জানিয়েছে, আসামির স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা একটি রক্তমাখা চাকু, লুণ্ঠিত ২২.০৪ গ্রাম স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু পেপার এবং লুণ্ঠিত ৬০০ টাকাসহ ভ্যানিটি ব্যাগ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :