
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে, আবাসিক এলাকা এবং বেসামরিক মানুষের জমায়েত লক্ষ্য করে চালানো এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স ও একটি হাসপাতালের তথ্য অনুযায়ী, শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের একটি সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এ ঘটনায় আটজন নিহত হয়েছেন। আল আওদা হাসপাতাল জানিয়েছে, এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, দিনের শুরুতে একই এলাকায় অন্য একটি হামলায় নিহত এক ব্যক্তির জানাজার জন্য লোকজন আহমদ ইয়াসিন মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন। জানাজা শেষে সেখান থেকে বেরিয়ে আসার সময় ড্রোন হামলাটি চালানো হয়।
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী হামলার দায় স্বীকার করলেও দাবি করেছে যে, তারা মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী’ আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হওয়ার দাবির বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং হামলার ফল পর্যালোচনা করছে। হামাস এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
আপনার মতামত লিখুন :