
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক বন্দি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ মোট সাতজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
আজ শনিবার সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে এবং এর প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দি কারাগারে ইট বহনের কাজ করছিলেন। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনদের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পলাতক রিম্পার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকায় এবং তার বাবার নাম মো. হাসান। তিনি ঢাকার ধানমন্ডি থানায় দায়ের করা একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগার এলাকায় তল্লাশি চালালেও ওই বন্দির কোনো সন্ধান পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে এবং কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :