Facebook Twitter Instagram YouTube

মোবাইল গেমে ভাগ্য খুলল মার্কিন নারীর, জিতলেন ২ কোটি টাকা


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ /
মোবাইল গেমে ভাগ্য খুলল মার্কিন নারীর, জিতলেন ২ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার মুরসভিল শহরের বাসিন্দা সু রাউলি গভীর রাতে স্মার্টফোনে অনলাইনে লটারি খেলে প্রায় ২ কোটি টাকা জিতেছেন। ৮ই জুলাই রাতে ঘুম না আসায় সময় কাটানোর জন্য তিনি অনলাইনে তাৎক্ষণিক ডিজিটাল লটারি গেম খেলা শুরু করেন। মাত্র ৩০ ডলারের একটি টিকিটে ‘টাম্বলিং ট্রেজার্স’ নামক গেমে অংশ নিয়ে তিনি ১ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার জেতেন।

লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, রাউলির মতো এত বড় অঙ্কের পুরস্কার জেতার সম্ভাবনা ছিল ২০ লাখে মাত্র ১টি। সু রাউলি জানান, মোবাইলের পর্দায় ফলাফল দেখে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তিনি বলেন, রাত অনেক হয়ে গিয়েছিল এবং কেবল সময় কাটানোর জন্যই তিনি খেলছিলেন। এমন ঘটনা সচরাচর ঘটে না বলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না।

গত ১৩ জুলাই র‌্যালিতে অবস্থিত লটারির প্রধান কার্যালয়ে গিয়ে তিনি পুরস্কারের অর্থ গ্রহণ করেন। ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের কর কেটে নেয়ার পর তার হাতে ১ লাখ ৮ হাজার ২৩ ডলার আসে। তিনি জানান, এই অর্থ দিয়ে তিনি নিজের বাড়ির সংস্কার কাজ করবেন।

এর আগে গত মাসে মালয়েশিয়ার এক বৌদ্ধ ভিক্ষু ব্যাংকের লাকি ড্রয়ে ১০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জিতেছিলেন। ৭৩ বছর বয়সী চ্যান চাই সিয়াং একসময় কারখানায় কাজ করতেন এবং বর্তমানে একটি আশ্রমে বসবাস করেন। তবে তিনি এই জয়কে কোনো অলৌকিক ঘটনা মনে করেন না, বরং একে পূর্বজন্মের কর্মফল হিসেবেই দেখছেন। তিনি আরও জানান, অর্থ পাওয়ার জন্য তিনি কখনো কোনো বিশেষ মানত বা প্রার্থনা করেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin