
ভারতের দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে জনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ। বিক্ষোভস্থল ও এর আশপাশের এলাকায় অ্যাপভিত্তিক সেবা, খাবার সরবরাহ, ক্যাব সার্ভিস এবং কুইক-কমার্স লজিস্টিকসের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৬৩ ধারার (যা আগে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা হিসেবে পরিচিত ছিল) আওতায় দিল্লি ট্রাফিক পুলিশ এই সংক্রান্ত একটি বিস্তারিত নির্দেশনা জারি করেছে বলে অনলাইন জি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের এই নির্দেশনায় বাণিজ্যিক অ্যাগ্রিগেটর প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিক্ষোভস্থলের আশপাশে কার্যক্রম সীমিত রাখার অনুরোধ জানানো হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশ স্পষ্ট করেছে যে, এই নির্দেশনার মূল লক্ষ্য হলো অতিরিক্ত ভিড়ের মধ্যে ডেলিভারি কর্মী, চালক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এ কারণে যন্তর মন্তর এবং মধ্য দিল্লির নির্ধারিত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম, রাইড-শেয়ারিং সেবা, খাবার সরবরাহ এবং লজিস্টিকস অ্যাগ্রিগেটরদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের এই নির্দেশনায়। শান্তি, নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “খাবার কেড়ে নেবেন না! (নোটবন্দির পর এবার ‘ফুড বন্দি’)।” বিক্ষোভের অজুহাত দেখিয়ে জরুরি ও প্রয়োজনীয় সেবার ওপর এমন বিধিনিষেধ আরোপ করাকে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেন তিনি। অখিলেশ যাদব আরও অভিযোগ করেন যে, সরকারের এই ধরনের সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :