
ঝালকাঠিতে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাসন্ডা খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় এ সময় নৌ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে বাসন্ডা খাল থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি ‘চায়না দুয়ারী’ জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের দুটি ‘বাঁধা জাল’ জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান শেষে জব্দ করা জালগুলো ঝালকাঠি শহরের গুরুধাম এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :